বিশ্বকাপ জিতলে বিয়ে! আর্জেন্টিনার হারের পর যা বললেন পরীমনি

স্পেনের কাছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর ভেস্তে গেছে চিত্রনায়িকা পরীমনির মজার ছলে দেওয়া ‘বিয়ের ঘোষণা’। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ৫২ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে এবং মন্তব্যের সুযোগ বন্ধ থাকলেও পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করেন ভক্তরা।

পরীমনি বলেন, আর্জেন্টিনার হারে তার মন খারাপ হলেও তিনি বিশ্বাস করেন, “হার মানেই শেষ নয়, নতুনভাবে শুরু করার সুযোগ। ভালোবাসার আর্জেন্টিনা, পরের বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য ভালোবাসা সবসময় থাকবে।”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দলের জয় উদযাপন করেছেন, আর্জেন্টিনার জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন এবং লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং কয়েক লাখ প্রতিক্রিয়ার পাশাপাশি হাজার হাজার শেয়ার পায়।

পরে বিষয়টি নিয়ে হাস্যরসের সঙ্গে পরীমনি বলেন, “আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। এবার ঘোষণা দেওয়ার পর এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে যে কী করব, বুঝতে পারছি না।”

বিয়ের প্রসঙ্গে তিনি আরও জানান, বর্তমানে তার উপযুক্ত অভিভাবক নেই। তাই ছেলে বড় হওয়ার পর কিংবা ছেলে যদি অভিভাবকের ভূমিকা নেয়, তখন হয়তো বিয়ের বিষয়টি ভাববেন।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা যেমন বিশ্বকাপ জিততে পারেনি, তেমনি আপাতত বাস্তবায়ন হচ্ছে না পরীমনির আলোচিত ‘বিয়ের পরিকল্পনাও’। ফাইনালের পর তার এক লাইনের প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে প্রিয় দলের হারের আক্ষেপ—“বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *