মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবসহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের দিকে পদযাত্রা করেন। বাসভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। রাহুল গান্ধী সড়কে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সরিয়ে নেয় এবং পরে একে একে অন্য নেতাদেরও আটক করা হয়।

এর আগে সংসদ অভিমুখে শিক্ষার্থী ও যুবকদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিটসহ বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংসদে আলোচনা, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।

বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করলেও কোনো সমঝোতা হয়নি। কংগ্রেসের অভিযোগ, আটক করার সময় রাহুল গান্ধীকে টানাহেঁচড়া করা হয় এবং এতে তিনি আহত হন। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *