তেহরান-ওয়াশিংটনকে আলোচনায় ফেরাতে নতুন উদ্যোগ পাকিস্তান-কাতারের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও কাতার। যৌথভাবে দেওয়া এক প্রস্তাবে দেশ দুটি ৯ জুলাইয়ের আগের কূটনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করে স্থগিত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে।

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের তথ্য অনুযায়ী, পাকিস্তান ও কাতার উভয় পক্ষকে উত্তেজনা বাড়িয়েছে—এমন পদক্ষেপ থেকে সরে এসে আলোচনার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সংঘাত নয়, কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতি পারস্পরিক প্রতিশ্রুতি ও আস্থার ভিত্তিতে পরিচালিত হয়। তিনি জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে যতদিন অপর পক্ষ প্রতিশ্রুতি রক্ষা করেছে, ততদিন ইরানও নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করেছে। তবে প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার পর ইরানও সেই প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছে।

বাকায়ি আরও বলেন, কূটনীতি ও জাতীয় প্রতিরক্ষা একে অপরের পরিপূরক। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন অনুযায়ী কূটনৈতিক উদ্যোগ এবং প্রতিরক্ষা সক্ষমতা—দুই পথই সমান গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও কাতারের এই নতুন উদ্যোগ সফল হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা কমানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *