স্থানীয় সরকার নির্বাচনে কঠোর নতুন শর্ত, কারা প্রার্থী হতে পারবেন না জানাল ইসি

স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে একাধিক গুরুত্বপূর্ণ আইন সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাব অনুযায়ী ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি, ওয়াসা ও ভূমি করসহ বিভিন্ন সরকারি সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে।

ইসি জানিয়েছে, শুধু ব্যক্তিগত ঋণখেলাপিই নয়, কোনো ঋণের গ্যারান্টার হয়ে খেলাপি হলেও তিনি নির্বাচনে অযোগ্য হবেন। একইভাবে কোনো প্রতিষ্ঠানের প্রধানের প্রতিষ্ঠানের নামে সরকারি বকেয়া থাকলেও সেটিও অযোগ্যতার কারণ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি আইনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছে কমিশন। নির্বাচন আচরণবিধিও সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। কমিশনের মতে, এসব পরিবর্তন বাস্তবায়িত হলে স্থানীয় সরকার নির্বাচন আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *