আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি সিঙ্গাপুরে দক্ষ বাংলাদেশি কর্মীদের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দিয়ে ভবিষ্যতেও দক্ষ অভিবাসনকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আসিয়ানে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি)-এ যোগদানের লক্ষ্যে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে সিঙ্গাপুরের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে চলমান আলোচনা ও উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। তারা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে বিদ্যমান প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উভয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।