ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এনসেলিয়া’-তে আগুন লাগার ঘটনা ঘটেছে। নাসার স্যাটেলাইট চিত্রে জাহাজটির অবস্থানস্থলে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে, যা জাহাজটিতে আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, লোহিত সাগরে চলাচলের সময় জাহাজটি হামলার শিকার হয় এবং এর সামনের অংশে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ আছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে একই দিনে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি ট্যাংকারে হামলা চালানোর দাবি করে। যদিও সৌদি আরব এখন পর্যন্ত একটি ট্যাংকারে হামলার ঘটনাই নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নাসার স্যাটেলাইটে যে উজ্জ্বল আলোর চিহ্ন দেখা গেছে, সেটি ঠিক সেই স্থান যেখানে ‘এনসেলিয়া’ তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) অনুযায়ী সর্বশেষ অবস্থান জানাচ্ছিল। আগের দিনের একই এলাকার স্যাটেলাইট ছবিতে এমন কোনো আলোর উপস্থিতি ছিল না, যা আগুন লাগার ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সৌদি বার্তাসংস্থা দেশটির পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলার পর জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সৌদি আরবের সুকাইক শহর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। সংস্থাটি জাহাজটির নাম প্রকাশ না করলেও ঘটনাস্থল ও সময় সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।
লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।