বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এ এ সেমিনারের আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন টেজাবের সভাপতি নাজমুল আলম রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়।
আলোচনায় অংশ নেন ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর নির্মাতারা। উপস্থিত ছিলেন মেজবাউর রহমান সুমন, আজমান রুশো, মাসুদ হাসান উজ্জ্বল, সৈকত নাসির, জাহিদ জুয়েল এবং সাইফ চন্দন।
এছাড়া জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক কামরুজ্জামান বাবু, টেজাব সদস্য প্রতিক আকবর ও আহমেদ তাওকীরও আলোচনায় অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর দর্শক উপস্থিতি, ব্যবসায়িক সাফল্য, প্রেক্ষাগৃহের অবস্থা, বিপণন কৌশল এবং পরিবেশনা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
আলোচনায় চলচ্চিত্র বিপণনের আধুনিক কৌশল, প্রযুক্তিনির্ভর নির্মাণ, ই-টিকিটিং ব্যবস্থা, সেন্ট্রাল সার্ভারভিত্তিক প্রদর্শন পদ্ধতি, পাইরেসি প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বক্তারা পর্যাপ্ত প্রেক্ষাগৃহের অভাব, প্রদর্শন ব্যবস্থার সীমাবদ্ধতা, অসম প্রতিযোগিতা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণে প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জের বিষয়গুলোও তুলে ধরেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকারের নীতিগত ও অবকাঠামোগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে কার্যকর সংলাপ ও সমন্বয় বাড়াবে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।