পয়েন্ট টেবিলের দুই নম্বর দল ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার শীর্ষে থাকা আর্সেনালকেও হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে ৩–২ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে বড় ধাক্কা দিয়েছে গানারদের। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ম্যাথিউস কুনহার দুর্দান্ত গোলে টানা দ্বিতীয় জয় তুলে নেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিক।
ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয় দেখার পর ব্যবধান বাড়াতে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল আর্সেনাল। ২৯তম মিনিটে তারা এগিয়েও যায়। বুকায়ো সাকার বাড়ানো বল মার্টিন ওডেগার্ডের ভলিতে লিসান্দ্রো মার্তিনেজের পায়ে লেগে নিজেদের জালেই ঢুকে পড়ে।
তবে সমতায় ফিরতে ইউনাইটেডের সময় লাগেনি। মার্টিন জুবিমেন্দির হাস্যকর ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে ব্রায়ান এমবিউমো গোল করে ম্যাচে ফেরান অতিথিদের। বিরতির পাঁচ মিনিট পরই প্যাট্রিক ডরগু ২০ গজ দূর থেকে বিধ্বংসী হাফ-ভলিতে ইউনাইটেডকে লিড এনে দেন। ভিএআর চেকে হাত লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও গোলটি বহাল থাকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে আর্সেনাল। পরিস্থিতি সামাল দিতে মিকেল আর্তেতা একসঙ্গে চারজন খেলোয়াড় বদলি নামান। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে কর্নার থেকে মিকেল মেরিনোর গোলে সমতায় ফেরার আশা জাগে স্বাগতিকদের মধ্যে।
কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট পরই বদলি খেলোয়াড় ম্যাথিউস কুনহা ২০ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে জাল কাঁপিয়ে এমিরেটসকে স্তব্ধ করে দেন। ওই গোলেই নিশ্চিত হয় ইউনাইটেডের ৩–২ জয়।
এমিরেটস স্টেডিয়ামে চলতি মৌসুমে এটি আর্সেনালের প্রথম হার। ফলে ২২ বছরের শিরোপা খরার অবসান ঘটানোর স্বপ্নে বড় ধাক্কা খেল আর্তেতার দল। গত তিন মৌসুম ধরে লিগে দ্বিতীয় হয়ে শেষ করা আর্সেনালের জন্য এই হার মানসিকভাবেও বড় আঘাত।
২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ৪৬ পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। আর ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।