বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিস। প্রতিনিধিদলে আরও ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে, একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সকালে আমিরের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎ শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।