চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন পর্যালোচনা করে দেখা যায়—প্রতিষ্ঠানটি বৈধ উপায়ে ৩৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা আমদানি করলেও একই সময়ে স্থানীয়ভাবে উৎসহীন ও বৈধ কাগজপত্রবিহীন ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা সংগ্রহ করেছে, যা অবৈধ চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পড়েছে।
প্রমাণ মিললে গত সোমবার গুলশান থানায় মানিলন্ডারিং আইনে মামলা রুজু করে সিআইডি। সংস্থাটি জানায়, দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসার আড়ালে অর্থ পাচার ও অবৈধ লেনদেন চালিয়ে আসছিলেন দিলীপ আগরওয়ালা। মামলাটি সিআইডিই তদন্ত করবে।