ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি মোটরসাইকেল ও কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, অফিসের কাজ শেষ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামরত ছিলেন। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
নিরাপত্তা প্রহরীর চিৎকারে বিষয়টি নজরে এলে ওপর তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। এতে সিঁড়িঘরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়তে পারেনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।