আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দাবি করেন, এবার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোট দিয়ে জনগণ তাকে বিজয়ী করতে প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষও খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।