নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ–১ আসনের স্বতন্ত্রপ্রার্থী দুলাল হোসেনের দুই প্রস্তাবকারীর বাড়িতে রাতের আঁধারে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল(৫ জানুয়ারি) রোববার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের গৃহিণী নাসরিন আক্তার জানান, রোববার তাঁর শাশুড়ি চোখের চিকিৎসার জন্য বাড়ি ফাঁকা রেখে ঢাকার চক্ষু হাসপাতালে যান। সেই সুযোগে রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ওভেন, টেলিভিশন, আইপিএস ব্যাটারি, পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বাড়ির মালিক ওয়াসেল ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুলাল হোসেন রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ও তাঁর মা ওই প্রার্থীর নির্বাচনী প্রস্তাবকারী। তিনি অভিযোগ করে বলেন, এ কারণে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। মধ্যরাতে শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে কিছু নেশাদ্রব্য ফেলে যায় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।