স্থগিতের শঙ্কায় বাংলাদেশ–ভারত নারী সিরিজ

ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর এবার অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফরও। আগামী ডিসেম্বরের জন্য নির্ধারিত এই সিরিজ স্থগিত হতে পারে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের মাটিতে তিনটি ওয়ানডে তিনটি টিটোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনো পাওয়া যায়নি।

দুই দেশের বর্তমান কূটনৈতিক উত্তেজনাই সিরিজ আয়োজনের প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত সময়সূচি বা ভেন্যুও ঘোষণা করা হয়নি, যা অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

এর আগে গত আগস্টে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। এবার নারী দলের সফরও একই পরিণতি বরণ করতে পারে।

এদিকে বিসিসিআই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিকল্প একটি হোম সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। তবে জানুয়ারির শুরুতে ডব্লিউপিএল এবং এরপর অস্ট্রেলিয়া সফর থাকায় সেই সিরিজ সংক্ষিপ্ত হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *