আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে যুক্তরাজ্যের নেতাকর্মীদের লন্ডনের এয়ারপোর্টে গিয়ে বিদায় না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ অনুরোধ জানান তারেক রহমান।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাচ্ছেন। এ সময় তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, ওই দিন যেন কেউ বিমানবন্দরে না যান।
তারেক রহমান বলেন, বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি হট্টগোল সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ মানবেন, তারা দল ও দেশের স্বার্থকে সম্মান করবেন। আর নিষেধ সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের বিষয়টি ব্যক্তিগত স্বার্থপ্রসূত বলেই ধরে নিতে বাধ্য হবেন তিনি।












