ম্যানচেস্টার: হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকা ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজের বাসায় ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। জানুয়ারির শুরুতে চোটে ছিটকে গেলেও গত বুধবার তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটির সঙ্গে গালাতাসারে’র ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ২-০ ব্যবধানে সিটির জয়ের সাক্ষী হলেও, বাসায় ফেরার পর জানা খবরটি দিয়াজের জন্য সুখকর ছিল না।
সূত্রে জানা গেছে, দিয়াজ বাড়িতে ফিরে দেখেন তার বাসার বেশকিছু রুম তছনছ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিগত সম্পত্তি চুরি হয়ে গেছে। বিষয়টি তিনি স্থানীয় পুলিশকে জানান।
গত বছরের শেষের দিকে রুবেন দিয়াজ এবং তার বান্ধবী মায়া জামা চেশায়ারে একসঙ্গে থাকতে শুরু করেন। দিয়াজ ম্যানচেস্টার সিটি সেন্টার ছেড়ে সেখানে উঠেছেন, আর মায়া জামা লন্ডন থেকে উত্তরে অবস্থান করছেন। সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি তাদের প্রথম যৌথ বাসভবন, যা তাদের কাছে খুবই বিশেষ। সৌভাগ্যক্রমে ভাঙচুরের সময় কেউ বাসায় ছিলেন না, তবে ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনের কারণে তারা গভীরভাবে মর্মাহত।
বাসাটি শান্ত একটি গলির মধ্যে অবস্থিত, যেখানে প্রায় কোনো যান চলাচল নেই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকলেও হ্যামস্ট্রিং চোটের কারণে রুবেন দিয়াজ কয়েক সপ্তাহের জন্য দলের খেলার বাইরে থাকবেন। গালাতাসারের বিপক্ষে ম্যাচে দর্শক হিসেবে বসে তিনি দলকে সমর্থন জানান। অন্যদিকে তার বান্ধবী মায়া জামা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন, যেখানে তিনি ‘লাভ আইল্যান্ড অল-স্টারস’–এর সর্বশেষ সিরিজ সঞ্চালনা করছেন।
এই ঘটনার মধ্য দিয়ে দিয়াজ ও তার বান্ধবী মর্মাহত হলেও, তারা দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।