টানা এক মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। গত বুধবার আমদানি কার্যক্রম শুরুর পর মাত্র দুই দিনে ৩৬টি ট্রাকে মোট ১ হাজার ৪৪৭ টন চাল দেশে প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দরে চাল আমদানির ফলে শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে বাজারে সরবরাহ কম থাকার কারণে গত এক সপ্তাহে সাতক্ষীরার বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের কাজের কারণে খোলা বাজারে সরবরাহ হ্রাস পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি নিয়মিত হলে বাজারে দাম কমে আসবে।
ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানিয়েছেন, সরকারের নির্দেশে দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ১৮ জানুয়ারি ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর এলসি খোলার মাধ্যমে আমদানির কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে ৫টি ট্রাকে ৩৬৭ মেট্রিক টন এবং পরের দিন ৩১টি ট্রাকে আরও চাল এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স ইসমাইল হোসেন সরদার অ্যালুমিনিয়াম স্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল অ্যান্ড সন্স ও জাহাঙ্গীর হোসেন।
ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত আমদানি অব্যাহত থাকলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে এবং খুব শিগগিরই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
সূত্রঃবাসস