ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এ তথ্য নিশ্চিত করেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে কাবেলো বলেন, ‘এ পর্যন্ত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন। আমাদের দেশের ওপর চালানো এই হামলা ছিল ভয়াবহ।’
তিনি আরও জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হন। তবে বর্তমানে দুজনই সুস্থ হয়ে উঠছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহে নিউইয়র্কের একটি আদালতে হাজির করার সময় মাদুরো ও তাঁর স্ত্রীকে নিজের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।