দেশের ‘কঠিন সময়ে’ সারাদেশের মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে বুকভরা প্রত্যাশায় তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি সংকটময় সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। সারাদেশের মানুষ গভীর প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি দূর থেকেই জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। এই আশাবাদ থেকেই সত্যিকার অর্থে দেশে একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শুরুতে বিএনপির মহাসচিব দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলের বলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।