ব্যাংকিং খাত বর্তমানে অনেকটা স্থিতিশীল, তবে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সুদহার কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, নীতি নির্ধারণে জনপ্রিয়তার চাপে নয়, দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় কাজ করতে হয়। তিনি সতর্ক করেন, নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়।
নিজের দায়িত্ব নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমি জানি না ভবিষ্যতে ব্যর্থ প্রতিষ্ঠানে যাব কি না। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হব না। কিছু কাজের ফল জনগণ দেখতে পাবেন।”
তিনি উপস্থিত সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং বলেন, “মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। ভবিষ্যতেও সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।”