ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশে আর কোনো বৈষম্য থাকবে না। নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে।
রোববার রাজধানীর ভাটারা এলাকার বারিধারা জে ব্লকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আবার মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমি বিশ্বাস করি, এবার জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি সবসময়ই মাটি ও মানুষের দল হিসেবে কাজ করেছে। যতবার বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।
ঢাকা-১১ আসনের বিএনপির এই নেত অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিল নিত্যদিনের বিষয়। বিশেষ করে নারীদের অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সেই সরকার। এবার সময় এসেছে নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠার,বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন,আপনারা বিএনপিকে ভোট দিলে আমরা কথা নয়, কাজের মাধ্যমে উন্নয়ন দেখাবো। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।