মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে।
রেলওয়ে কর্মকর্তারা রেললাইনের ওপর স্লিপারটি দেখতে পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে স্লিপারটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, “দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলেছিল। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেছে।”
এ ঘটনায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।