বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। গত বছর যেখানে জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন, সেখানে চলতি বছর সেই সংখ্যা বাড়িয়ে ২৭ জনে উন্নীত করা হচ্ছে। তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও এবছর বেতন বাড়ছে না বলে জানা গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরির কাজ প্রায় শেষ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এই চুক্তি চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন চুক্তিতে বেশ কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম। ফলে কেন্দ্রীয় চুক্তির আওতা আরও বিস্তৃত হচ্ছে।
এদিকে, ফরম্যাটভিত্তিক চুক্তিতে কিছু পরিবর্তন আসছে। তিন ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে, তাসকিন আহমেদ টেস্ট দল থেকে বাইরে থাকায় তিনি তিন ফরম্যাটের চুক্তিতে থাকছেন না। গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
বেতন প্রসঙ্গে জানা গেছে, গত বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো হলেও এবার আগের কাঠামোই বহাল থাকছে। অর্থাৎ নতুন করে বেতন বৃদ্ধি পাচ্ছেন না চুক্তিভুক্ত ক্রিকেটাররা।
বিসিবির সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ২৭ ক্রিকেটার হলেন— নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পরই কেন্দ্রীয় চুক্তির চূড়ান্ত তালিকা ও ফরম্যাটভিত্তিক বিস্তারিত জানানো হবে।