রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরই নিকটস্থ ইউনিটগুলোর দল ঘটনাস্থলে যায়। আগুনের উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন ছড়িয়ে পড়া রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে আগুনের ঘটনায় বস্তিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।