প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন দেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা লিসা গাজী।
সোমবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন নির্মাতা। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট অক্ষুণ্ন রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতার আলোকে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়; বরং পুরোনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী ও চিন্তাশীল প্রচেষ্টা।
পরিচালক লিসা গাজীর ভাষ্য অনুযায়ী, সিনেমাটির মূল সুর আবর্তিত হবে সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া মূল্যবোধকে ঘিরে। বিশেষভাবে তুলে ধরা হবে—কীভাবে ‘নীরবতা’ অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদে রূপ নিতে পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের একই গল্প অবলম্বনে ‘শাস্তি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। সে সময় রিয়াজ ও পূর্ণিমার অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘ ২২ বছর পর সেই চেনা গল্পই এবার নতুন আঙ্গিক, নতুন ব্যাখ্যা এবং নতুন জুটির রসায়নে ফিরছে বড় পর্দায়।
একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই বিগ বাজেটের সিনেমাটি ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা ও পরীমণির পর্দার উপস্থিতির সমন্বয়ে নতুন এক ‘শাস্তি’ দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।