ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। তবে তারা যে দুল ছিনতাই করেছে, সেটি ছিল ইমিটেশনের। মঙ্গলবার ভোরে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি পাশের একটি মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫) স্থানীয় বিষু দাসের স্ত্রী। তিনি প্রতিদিনের মতো ভোরে বাড়ির সামনে স্বামীর ‘মা স্টোর’ মুদি দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এসে তার কানের দুল ছিনিয়ে নেয়।
মঞ্জু রানী দাস বলেন, “হঠাৎ মোটরসাইকেল নিয়ে দুইজন এসে আমার কানের দুল টান দেয়। এরপর পিস্তল দেখিয়ে বলে—চিৎকার করলে গুলি করে দেবে। ভয়ে আমি নিজেই খুলে দিই।”
বিষু দাস জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে আসে। পেছনেরজন দুল টেনে নেয় আর সামনেরজন পিস্তল তাক করে ভয় দেখায়।
তিনি আরও বলেন, “অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলায় গত তিন দিনে আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দ্রুত তাদের আটক না করলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।