নীলফামারীর এক বাসশ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে থাকা নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এই ঘোষণা দেন।
আজ রোববার সকাল থেকে রংপুর–নীলফামারী–সৈয়দপুর–কিশোরগঞ্জ–জলঢাকা–ডিমলা–ডোমার রুটে কোনো বাস চলছে না। তবে ঢাকাগামী এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুটে সমিতির বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।
শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করেন। স্থানীয় লোকজন সফিকুলকে উদ্ধার করে ইউনিয়ন নেতাদের বিষয়টি জানান। পরে বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীন সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।
বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারীসহ আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। চিকিৎসা, জরুরি কাজ ও অফিসগামী যাত্রীরা বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ‘সকালে রংপুরে ডাক্তার দেখানোর কথা ছিল। বাস বন্ধ থাকায় দিনাজপুরগামী বাসের অপেক্ষায় আছি।’ একই কথা জানান আরও কয়েকজন যাত্রী।
শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
শ্রমিক আনারুল ইসলাম বলেন, ‘মালিক সমিতির নির্যাতনের কারণে বাসে কাজ করতে ভয় লাগে। শ্রমিকদের ওপর হামলার বিচার চাই।’
ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির বাস নীলফামারী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।’