ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, বৃহস্পতিবার তিন মোড়ে অবস্থান কর্মসূচি
সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আজ বুধবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়—পুরান ঢাকার তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও গাবতলীর টেকনিক্যালে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার বিকেল ৩টার দিকে গাবতলী টেকনিক্যাল মোড়ে আন্দোলনস্থলে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করা হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে তিনটি মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মাসুম বিল্লাহ বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও শিক্ষার্থীরা তাদের মূল দাবি থেকে একচুলও সরে আসবে না। এটি কোনো একদিনের আন্দোলন নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের জন্য দীর্ঘমেয়াদি লড়াই।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের লক্ষ্য ও অবস্থান স্পষ্ট। শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো—আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।