২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে দেরি হলেও টিকিটের আবেদন এর জন্য হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে যুক্তরাষ্ট্রের দর্শকরা।
প্রি-সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। এপর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিল।
৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তারা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। ১৬টি শহরে ১০৮ ম্যাচের মহারণ। সব মিলিয়ে ১০৪টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। গ্রুপ পর্বে টিকিটের দাম শুরু ৬০ ডলার থেকে। তবে কেনার নির্দিষ্ট সময়সীমা পেলেই যে টিকিট পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। প্রত্যেক দর্শক প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, আর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টির বেশি টিকিট কেনা যাবে না।