সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৪। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও ৫ দশমিক ০৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সৌদি জিওলজিক্যাল সার্ভে–এর তথ্যে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক ভূমিকম্পটি শনাক্ত করে। কম্পনের উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা এলাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এ সময় ইরাকেও পৃথকভাবে শক্তিশালী কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে সৌদি জিওলজিক্যাল সার্ভে।
হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে কোনো এলাকা থেকে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।