সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে গুলি করে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সিও লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, মধ্যরাতে ওই স্থান দিয়ে ১০-১২ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু আনছিলেন। এসময় বিএসএফের টহল দল তাদের বাধা দেয়। তখন গরু চোরাকারবারিরা বিএসএফ টহল দলের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে।
বিএসএফ তখন চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে চোরাকারবারীদের উদ্দেশে তারা তিন থেকে চার রাউন্ড গুলি করে। এতে শফিকুল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীয় চোরাকারবারিরা গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ সীমানায় নিয়ে আসে। পরিবারের লোকজন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি পাঠানোর মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।