পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ডিসেম্বরের শুরু থেকেই হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়লেও রোদের উষ্ণতা তেমন অনুভূত হয়নি।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগও বাড়ছে নিম্ন আয়ের মানুষের। ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে রোজগারের জন্য বের হওয়া দিনমজুরদের কষ্ট আরও বেড়েছে। রাস্তাঘাটে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় ব্যস্ত অনেকে।
দিনমজুর রমজান আলী বলেন, “ভোরে কাজের জন্য বের হইলে হাত–পা বরফের মতো ঠান্ডা লাগে। কাজেও মন বসে না।”
ভ্যানচালক জাহিদুল হক জানান, “কুয়াশার মধ্যে রিকশা চালাইতে খুব সমস্যা হয়। ভাড়া কম, আর শীতে গা–হাত জমে আসে।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বইতে থাকায় সামনে শৈত্যপ্রবাহ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।