মায়ের জানাজার আগমুহূর্তে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জীবিত থাকাকালে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তিনি নিজে ক্ষমাপ্রার্থী।
বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে এ কথা বলেন তারেক রহমান। তিনি নিজেকে মরহুমার বড় সন্তান পরিচয় দিয়ে বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি আশ্বাস দেন, সে ধরনের কোনো ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করা হবে।
তারেক রহমান আরও বলেন, তার মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন, যেন আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করেন।
এরপর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।