অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগের এক মামলায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার আইনজীবী তুহিন হাওলাদার।
এর আগে দুপুরে আদালতের বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসে। শুরুতে এটিকে ভিত্তিহীন দাবি করলেও পরে অগ্রিম জামিন নিতে আদালতে যান মেহজাবীন।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে মেহজাবীন ও তার ভাই নগদ ও বিকাশে ২৭ লাখ টাকা নেন। কিন্তু ব্যবসা শুরু না হওয়ায় টাকা চাইলে সময়ক্ষেপণ করা হয়।
এজাহারে বলা হয়েছে, টাকা চাইতে গেলে গত ১১ ফেব্রুয়ারি বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি গালিগালাজ ও জীবননাশের হুমকি পান। পরে ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় ৩ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ নভেম্বর পরোয়ানা জারি হওয়ার পর তারা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।