উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘হাঙর’। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় সূর্য। এতে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন নেপালের জনপ্রিয় অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
২০১৩ সালে ‘উমা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে নেপালি চলচ্চিত্র শিল্পের অন্যতম আলোচিত ভিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’ ও ‘অগস্ত্য চ্যাপ্টার ১’।
‘হাঙর’-এর মাধ্যমে এবার বাংলাদেশি চলচ্চিত্রে নাম লেখালেন এই নেপালি অভিনেতা। গত বৃহস্পতিবার রাতে সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে প্রমোদকে।
প্রমোদ অগ্রাহারি বলেন, বাংলাদেশের সিনেমায় কাজ করে তার দারুণ অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত কাজ করতে আগ্রহী তিনি।
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক তন্ময় সূর্য বলেন, উপকূলের মানুষের জীবনে নানা প্রতিবন্ধকতা রয়েছে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে অনেক সময় তারা না চাইতেও অপরাধের জগতে জড়িয়ে পড়ে। সেই বাস্তব জীবনের গল্পই ‘হাঙর’-এ তুলে ধরা হয়েছে।
নেপালি অভিনেতাকে নেওয়ার বিষয়ে নির্মাতা জানান, কয়েক বছর আগে নেপালে একটি কাজের সূত্রে প্রমোদের সঙ্গে পরিচয় হয় তার। তখনই মনে হয়েছিল, ‘হাঙর’-এর গল্পে এই অভিনেতা মানানসই হবেন। গল্প শোনার পর প্রমোদ রাজি হন এবং বাংলা শেখার জন্য সময় নেন। সব প্রস্তুতি শেষে গত বছর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়।
রোজার ঈদে মুক্তির পরিকল্পনার কথা জানিয়ে পরিচালক বলেন, ঈদকে কেন্দ্র করে একাধিক সিনেমা আসায় হল পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তবে এখন পর্যন্ত ঈদেই মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। পাশাপাশি নেপালেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল ও মাহফুজ মুন্না। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। এটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।