১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
বুধবার ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর পেশ করা রোহিঙ্গা মুসলিমদের ওপর গৃহীত প্রস্তাবের আলোচনায় এ অবস্থান তুলে ধরে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য নতুন বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রস্তাবটি গ্রহণ করে। এতে ওআইসি ও ইইউ যৌথভাবে প্রস্তাব পেশ করেছে এবং ১০৫টি দেশ এতে পৃষ্ঠপোষকতা করেছে।
২০১৭ সাল থেকে প্রতিবছর গৃহীত এ প্রস্তাবে রাখাইনে চলমান মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংসতা, মানবিক সহায়তার বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়।
প্রস্তাব গ্রহণের পর বক্তব্যে বাংলাদেশ প্রতিনিধি দল সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও গত আট বছরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে।