আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচার-প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য বা কটূক্তি প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত একটি চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনী সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, গণমাধ্যমে আয়োজিত নির্বাচনী সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না।
এছাড়া সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য প্রচার না হয়—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।