চলমান বিপিএলে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। চোটে জর্জরিত থাকার পরও সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষের চাওয়ায় মাঠে খেলতে দেখা যাচ্ছে মাশরাফিকে। আর সমস্যা বেধেছে এখানেই। এ প্রসঙ্গে ইতিমধ্যে সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আকরাম খান বলেছেন ‘আনফিট মাশরাফিকে খেলিয়ে টুর্নামেন্টের মান কমানোর’ কথা।
এর বিপক্ষে আবার জবাব দিয়েছেন সিলেটের পেস বোলিং কোচ ও টাইগার সাবেক তারকা পেসার সৈয়দ রাসেলও। যদিও মাশরাফিও মনে করেন তিনি খেলার জন্য আদর্শ অবস্থানে নেই তবু সমর্থক ও ফ্রাঞ্চাইজিটির মালিকের চাওয়ায় খেলছেন তিনি। এবার তাকে নিয়ে মুখ খুললেন সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বললেন, ‘মাশরাফি ভাই একজন যোদ্ধা।’
চলমান বিপিএলের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সেখানেই গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফিকে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘দেখেন, গত বছর মাশরাফি ভাই আমাদের বিপিএলে পুরোটা সময় লিড করেছেন। আমরা ফাইনাল অবধি খেলেছিলাম। একজন নেতা হিসেবে তিনি বাংলাদেশের সেরা।’
এ সময় ভিন্ন আরেক প্রশ্নের জবাবে তরুণ পেসারদের জন্য মাশরাফি একজন রোল মডেল জানিয়ে তিনি আরো বলেন, ‘মাশরাফি ভাই যোদ্ধা এবং উনি নেতা, এটা আমরা সবাই জানি। আমি ছোটবেলা থেকে ওনার খেলা দেখে দেখেই বড় হয়েছি। মাশরাফি ভাই, সাকিব ভাই—ওনাদের খেলা দেখে দেখে বড় হয়েছি। আপনি জানেন, ওনার পায়ে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে। এর পরেও দেশের জন্য খেলে গেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। এটা বলব, উনি রোল মডেল আমাদের ক্রিকেটারদের জন্য। বিশেষ করে পেস বোলারদের জন্য। উনি ব্যথাকে ব্যথা হিসেবে কখনোই নেননি। আমরা যারা তরুণ আছি, আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ওনার মতো নেতা যদি ড্রেসিংরুমে থাকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
গেল আসরে ফাইনাল খেললেও এবার খানিকটা ছন্নছাড়া মাশরাফির সিলেট। চলমান আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এতে করে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। তবে সবশেষ ম্যাচের পর মাশরাফিকে নিয়ে তারা ঘুরে দাঁড়াতে মোমেন্টাম খুঁজছে আর এর জন্য একটি জয় লাগবে। অধিনায়কের সেই চাওয়া পূরণ হতে পারে আগামী ম্যাচেই, যা অনুষ্ঠিত হবে আজ। এই ম্যাচে মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়নদের। আর খেলায় গেলারির সমর্থকদের তীব্র সমর্থন পাবেন মাশরাফিরা। কেননা, এটি তাদের হোম গ্রাউন্ড। গত বছরও গ্যালারিতে সিলেট স্ট্রাইকার্সের জন্য ছিল উপচে পড়া সমর্থন। এ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘সিলেটে যখনই আমরা খেলতে আসি, অনেক ভালো দর্শক পাই, সমর্থন পাই। অনুপ্রেরণা দেয় এবং আমরা সব সময় সিলেটে সাপোর্ট পেয়ে থাকি।’