‘যুগল শাড়ি’ বিতর্কের পর এবার নতুন অভিযোগের মুখে অভিনেত্রী তানজিন তিশা। ভারতীয় চলচ্চিত্র ভালোবাসার মরশুম–এর প্রযোজক পরিচয়দানকারী শরীফ খান দাবি করেছেন, তিশা তার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তিশা তা পুরোপুরি নাকচ করেন। অভিনেত্রী বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ওই ব্যক্তি প্রায়ই গভীর রাতে তাকে ফোন করে ব্যক্তিগতভাবে বিরক্ত করতেন। তিশা জানান, “চুক্তির সময় আমাকে এক–তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করিনি। চুক্তিতে স্পষ্ট লেখা আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরতযোগ্য নয়।”
এর পাশাপাশি প্রযোজকের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিশার ভাষ্য, “শরীফ নামে এক ব্যক্তি গভীর রাতে ফোন করে কথা বলতে চাইতেন। এত রাতে কেন কথা বলব? এটা মোটেও পেশাদার আচরণ নয়। আমি দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর তিনি এই ছবির প্রকৃত প্রযোজক এরও কোনো প্রমাণ নেই। আরও কিছু বলতে হলে আমার আইনজীবীই বলবেন।”
তিশার আইনজীবী জসীম উদ্দিনও অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “চুক্তি অনুযায়ী তিশা সব দায়িত্বই পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন, প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালক ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে পারেননি। চুক্তি অনুযায়ী এটি পরিচালকের ডিফল্ট হিসেবে প্রমাণিত হয়।”
ভালোবাসার মরশুম ছবির মাধ্যমে ভারতীয় বড়পর্দায় তানজিন তিশার অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হয়নি। এদিকে তিনি সম্প্রতি শাকিব খানের সঙ্গে সোলজার সিনেমার শুটিং শেষ করেছেন, যা আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।