প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের গভীর আবেগী টানাপোড়েন নিয়ে ছোট পর্দায় আসছে নতুন নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে টানা তিন দিন শুটিং শেষে নাটকটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এই নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। শহুরে বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে দর্শকরা দেখতে পাবেন আধুনিক সম্পর্কের ভিন্ন এক চিত্র, যেখানে রোমান্টিক আবহের পাশাপাশি তুলে ধরা হয়েছে সম্পর্কের সূক্ষ্ম আবেগী দ্বন্দ্ব।
নাটকটির নির্মাতা রাইয়ান মাহমুদ জানান, এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং দর্শকদের হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটি গল্প উপহার দেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বর্তমান সময়ের সম্পর্কের বাস্তবতা ও না বলা অনুভূতিগুলোই এই নাটকের মূল উপজীব্য।”
নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। নির্মাতা টিমের মতে, নাটকের প্রতিটি দৃশ্যই দর্শকদের মনে আলাদা প্রভাব ফেলবে। গল্পে যেমন থাকবে হাসি ও হালকা মজা, তেমনি উঠে আসবে সম্পর্কের কিছু কঠিন ও বাস্তব প্রশ্ন, যা সাধারণত এড়িয়ে যাওয়া হয়।
ইতোমধ্যে জাগো এন্টারটেইনমেন্ট-এর ফেসবুক পেজে নাটকটির টিজার ও পোস্টার প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। আগামী ১৩ জানুয়ারি নাটকটির প্রমো প্রকাশিত হবে। আর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ জানুয়ারি ‘ইউ এন্ড মি ফরএভার’ মুক্তি পাবে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।