প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় আবারও রাস্তায় নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ শিক্ষা ভবন অভিমুখে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের এক দফা দাবি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি নেই। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে খসড়া আইন নিয়ে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।
আন্দোলনকারীরা জানান, অধ্যাদেশ জারি না হলে রোববার সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং পরে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, বহুদিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে। পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এখন তাদের একটাই দাবি অধ্যাদেশ জারি।
গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।