বিশ্ব খাদ্য মেলায় গৌরব ফিরলো বাংলাদেশের: গালফুডে ৩৪ প্রতিষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গালফুড ২০২৬’। পাঁচ দিনব্যাপী এই মেলার ৩১তম আসরটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে।

সোমবার (২৬ জানুয়ারি) উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন আলাদাভাবে উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

এবারের গালফুড মেলায় বিশ্বের ১৯০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে আট হাজারের বেশি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, স্ন্যাকস, মসলা, চাল, জুস ও পানীয় এবং কৃষিভিত্তিক অন্যান্য মূল্য সংযোজিত পণ্য।

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানি পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে খাদ্য খাত অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। গালফুড মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বিটুবি নেটওয়ার্কিং করার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ আশা প্রকাশ করেন, সরকারের নীতিগত সহায়তা ও উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ব খাদ্য বাজারে নিজের অবস্থান আরও শক্তিশালী করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *