টাইব্রেকারের রোমাঞ্চে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দোহায় সোমবার রাতে দারুণ উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগিজ যুবারা।

ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে ছিল সমান তালে। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শটই গোলপোস্ট অক্ষত রাখে। দ্বিতীয়ার্ধেও একই চিত্র সুযোগ ছিল, গোল ছিল না। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টির প্রথম পাঁচ শটে উভয় দলই গোল করে। এরপর আসে নাটকীয়তা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শট বাইরে পাঠান। কিন্তু মুহূর্তেই তিনি ফিরে আসেন নায়ক হয়ে ব্রাজিলের রুয়ান পাবলোর শটটি ঠেকিয়ে দেন। সাডেন ডেথে শেষ পর্যন্ত হাসি হাসে পর্তুগাল; তাদের শট সফল হলেও ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আগামী ২৭ নভেম্বর শিরোপা লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *