টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। মহান এই নেতার স্মৃতিকে স্মরণীয় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়।
গতকাল রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় মানুষ এবং ভাসানী পরিবারের সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারসংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,
“শুধু স্মরণ নয়, ভাসানীর মানবসেবা, কৃষক-শ্রমিকের অধিকার রক্ষার সংগ্রাম এবং নিপীড়িত মানুষের প্রতি তার আজীবন ত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”