পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মঙ্গলীয় উল্কাপিণ্ডটি নিউইয়র্কে অনুষ্ঠিত এক ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।
উল্কাপিণ্ডটির নাম এনডব্লিউ ১৬৭৮৮, যার ওজন ২৫ কেজি (প্রায় ৫৪ পাউন্ড)। এটি বিক্রি হয়েছে ৫.৩ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা।
২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের সাহারা মরুভূমিতে উল্কাপিণ্ডটি আবিষ্কৃত হয়। বিজ্ঞানীদের ধারণা, একটি বিশাল গ্রহাণুর আঘাতে এটি মঙ্গলগ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীতে এসে পড়ে।
নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথেবি’স জানিয়েছে, নিলামে এর সর্বশেষ দর ছিল ৪.৩ মিলিয়ন ডলার, কিন্তু কর ও অন্যান্য ফি-সহ মোট মূল্য দাঁড়ায় ৫.৩ মিলিয়ন ডলার। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
সোথেবি’স উল্কাপিণ্ডটিকে বর্ণনা করেছে ‘অবিশ্বাস্য রকমের দুর্লভ’ হিসেবে। লালচে-বাদামি রঙের এই পাথরটি পৃথিবীতে পাওয়া প্রায় ৪০০টি মঙ্গলীয় উল্কাপিণ্ডের মধ্যে অন্যতম এবং আকারে সবচেয়ে বড়।
এটি পৃথিবীতে পাওয়া দ্বিতীয় বৃহত্তম মঙ্গলীয় পাথরের তুলনায় ৭০ শতাংশ বড় এবং বিজ্ঞানীদের মতে, মঙ্গলগ্রহ থেকে পাওয়া পৃথিবীর মোট উপাদানের প্রায় ৭ শতাংশই এই একটি পাথরের মধ্যে রয়েছে।
বিজ্ঞান ও মহাকাশ অনুরাগীদের কাছে এ আবিষ্কার একদিকে যেমন গবেষণার একটি বিরল সুযোগ, তেমনি সংগ্রাহকদের জন্য একটি ঐতিহাসিক ও মূল্যবান সম্পদ হিসেবেও বিবেচিত হচ্ছে।