গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে এই নির্দেশনা দেওয়া হয়।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকারদের এক সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতৃত্বাধীন প্রতিনিধিদলসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাংকগুলোর প্রতিটি শাখায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করে দুটি করে ব্যানার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করা এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
তিনি বলেন, এবিবির পক্ষ থেকেও এ উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হবে। সাধারণ মানুষ বড় ধরনের সংস্কার চায় এবং দেশের ভবিষ্যৎ ভালো থাকুক এই প্রত্যাশা থেকেই এ পদক্ষেপের পক্ষে তারা অবস্থান নিয়েছেন।
মাসরুর আরেফিন আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্বর্তী সংস্কারমুখী সরকার। সে কারণে সংস্কারের প্রশ্নে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করার বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে ব্যাংকগুলোও গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করবে বলে তিনি জানান।