দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা ৪৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। শনাক্ত বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে কার্যালয় দুটিতে আগুন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলার ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।