ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংঘটিত এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা সন্দেহভাজন হিসেবে আটক হন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে দিপু চন্দ্র দাস (২৭) নামের এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। তিনি রবি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।