ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, চার্জশিট সংক্রান্ত কার্যক্রম উপলক্ষে সোমবার আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বাদী আব্দুল্লাহ আল জাবের আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ ও সময় আবেদনের বিষয়ে সম্মতি জানান। রাষ্ট্রপক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা আদালতকে জানান, চার্জশিটের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্য দুই দিন সময় প্রয়োজন। তারা বলেন, মঙ্গলবার ও বুধবার চার্জশিট পরীক্ষা করে আজ বৃহস্পতিবার আদালতে জানানো হবে—চার্জশিট গ্রহণ করা হবে কি না, নাকি এতে নারাজি জানানো হবে। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
এর আগে ৬ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। পরদিন ৭ জানুয়ারি বিচারক চার্জশিটটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন এবং আপত্তি রয়েছে কি না তা জানাতে বাদীকে ১২ জানুয়ারি আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।
শুনানির মাধ্যমে আদালত নির্ধারণ করবেন চার্জশিট গ্রহণ করা হবে কি না এবং মামলার পরবর্তী কার্যক্রম কীভাবে এগোবে।












