ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে চলছিল নানা গুঞ্জন ও অনিশ্চয়তা। দেশের বাইরে শুটিং এবং ভিসা জটিলতার কারণে আদৌ সিনেমাটির শুটিং শুরু হবে কি না—এ নিয়ে ছিল ব্যাপক সংশয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘প্রিন্স’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় টানা চার দিন শুটিংয়ের পর সিনেমার বাকি অংশের শুটিং হবে শ্রীলঙ্কায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের অংশের শুটিংয়ে অংশ নেবেন। তবে সিনেমার অন্যান্য শিল্পীরা মঙ্গলবার থেকেই ঢাকার শুটিংয়ে অংশ নিয়েছেন।
এর আগে সিনেমাটি নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে এসব গুঞ্জন নাকচ করে পরিচালক আবু হায়াত মাহমুদ স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নির্ভর নয়। তিনি বলেন, “এটি সম্পূর্ণই একটি কাল্পনিক গল্প। জীবনীভিত্তিক সিনেমা হওয়ার খবরটি নিছক গুজব।”
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করেই সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তারা হলেন—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ আরও অনেকে।
সব মিলিয়ে ঈদে মুক্তির লক্ষ্যে এগিয়ে চলা ‘প্রিন্স’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই।